২০১৭ সালের শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার বাংলাদেশ সফরের সময় স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নের প্রতি গুরুত্ব আরোপ করেছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। সোমবার (২৭ আগস্ট, ২০১৮) ভিয়েতনামের হ্যানয়ে দুদিনব্যাপী ভারতীয় মহাসাগর সম্মেলনের শুরুতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) বাস্তবায়নের দ্রুতগতি আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মুক্ত বাণিজ্যচুক্তি বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাণিজ্য সম্পকর্কে আরও বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত করবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বর্তমানে বাণিজ্য মাত্র ১৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা এফটিএ কার্যকরার মাধ্যমে আরও কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব।
হ্যানয়ের প্যান প্যাসিফিক হ্যানিতো হোটেলের সভাকক্ষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এ আলোচনায় অংশ নেবেন।








