সারাদেশে প্রায় চার'শ ফায়ারম্যান নিয়োগ কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া চার মাসের স্থিতাবস্থা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে আর কোনও বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেন। আদালতে ফায়ার সার্ভিসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়াও রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে গত ১৪ আগস্ট সারাদেশে প্রায় চারশ ফায়ারম্যান নিয়োগ কার্যক্রমের ওপর চারমাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামালপুরের হাজীপাড়া গ্রামের হাসান মিয়াসহ ১৬ জনের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। যার ওপর আজ চেম্বার আদালতে শুনানি হয়।
প্রসঙ্গত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ গত ১৯ মার্চ এক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এতে ফায়ারম্যান (পুরুষ) সহ ৬টি পদে ৪৮০ জন নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়। এর মধ্যে ফায়ারম্যান পদেই ৩৮৭ জন নিয়োগ দেওয়ার কথা বলা হয়।
এরপর আবেদনকারীদের ফিল্ড পরীক্ষা নেওয়া হয় গত ২৫ জুন। কিন্তু এই পরীক্ষার ফলাফলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্টদের কাছে আবেদন করা হয়। কিন্তু কোনও সুরাহা না হওয়ায় ১৯ মার্চের নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। এরপরই ওই নিয়োগ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছিলেন হাইকোর্ট।








