রাজধানীর আগারগাঁওয়ের মাহবুব মোর্শেদ সরণী ও নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় ১৫টি নার্সারি ও ২০০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করে প্রায় ৫০ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, ‘দীর্ঘদিন ধরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সংলগ্ন ডিএনসিসির প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা দখল করে একটি পক্ষ অবৈধ দোকান ও নার্সারি পরিচালনা করে আসছে। আমরা অভিযান চালিয়ে ১৫টি নার্সারি ও ২০০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছি। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম অজিয়র রহমান উপস্থিত ছিলেন।








