রাজধানীতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি গঠিত ভিজিল্যান্স টিমের অভিযানে তিনটি বাস ডাম্পিং, ৬টি বাসের সিরিয়াল বাতিল ও ১৫টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর সায়েদাবাদ, জিপিও ও বিমান বন্দর সড়কে এ অভিযান চালানো হয়েছে।
জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় বেশ কিছু নির্দেশনা দেয়। এরমধ্যে মালিক সমিতিকে শ্রমিক ও মালিকদের সমন্বয়ে বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করার নির্দেশও দেওয়া হয়। পরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ৪টি ভিজিল্যান্স টিম গঠন করে। এরমধ্যে শনিবার সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল টিম সায়েদাবাদস্থ কুমিল্লা টার্মিনাল ও মিরপুর, পল্লবী এবং গাবতলী অঞ্চলের ভিজিলেন্স টিম হোটেল রেডিসন ও কুর্মিটোলা হাসপাতলের সামনে অবস্থন নেয়।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে মালিক সমিতি গঠিত ভিজিল্যান্স টিম রাজধানীর বিমানবন্দর সড়কের শেওড়া প্রান্তে গাড়ি চেক করে ৫টি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে। জিপিও পয়েন্টে ৩টি গাড়ি ডাম্পিং এবং ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া সায়দাবাদস্থ কুমিল্লা স্ট্যান্ডে ৬টি গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় সিরিয়াল বন্ধ করে জব্দাবস্থায় রাখা হয়েছে।
সায়েদাবাদ ভিজিল্যান্স টিমের আহ্বায়ক ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক পরিবহন মালিক সমিতির নির্দেশে আমরা মহানগরীতে যেসব বাস কন্ট্রাক বা টার্গেট ভিত্তিক ও বৈধ কাগজপত্র ছাড়া চলাচল করছে, সেগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছি। সকাল থেকে ৬টি গাড়ি জব্দ করে টার্মিনালে আটক করে রেখেছি। এসব গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে বিভিন্ন মামলা রয়েছে। আমরা বাসগুলোর মালিকদের জানিয়ে দিয়েছি, তারা যেন মামলা নিষ্পত্তি করে রাস্তায় নামেন। মামলা নিয়ে কোনও বাস রাস্তায় নামতে দেওয়া হবে না।
সায়েদাবাদ ভিজিল্যান্স টিমের আহ্বায়ক ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির কোষাধ্যক্ষ রাজু আহমেদ বলেন, ‘আমাদের টিমের অভিযানে শিকড় পরিবহনের ২টি, এশিয়া পরিবহনের ১টি, গ্লোরী পরিবহনের ১টি, ট্রান্স সিলভা পরিবহনের ১টি ও প্লাবন পরিবহনের একটি বাসের সঠিক কাগজপত্র না থাকায় তাদের সিরিয়াল বাতিল করে জব্দাবস্থায় রাখা হয়েছে। এছাড়া বেশ কয়েক জন চালকের বিরুদ্ধে মামলা থাকায় তাদেরকে সতর্ক করা হয়েছে।’
এদিকে মিরপুর, পল্লবী ও গাবতলী অঞ্চলের ভিজিল্যান্স টিমের আহ্বায়ক আশিকুল ইসলাম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে আমাদের টিম বিমান বন্দর সড়কে অভিযান চালিয়ে ৪-৫টি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে। পাশাপাশি যেসব চালকদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদেরও সতর্ক করা হয়েছে।’
এদিকে, সকাল থেকে এসব টিমের কাজ ঘুরে ঘুরে পরিদর্শন করে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবহন খাতের শৃঙ্খলা ফেরাতে আমাদের অবস্থান জিরো ট্রলারেন্স। বৈধ কাগজপত্র ছাড়া কোনও পরিবহনকে রাস্তায় নামতে দেওয়া হবে না।’








