কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার জন্য দলটির নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের নেত্রী এখন কারাগারে বন্দি। তারা পারলে আন্দোলন করে তাকে মুক্ত করুক। এ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর উদ্দেশে হাস্যরস করে বলেছেন, ‘বিএনপি তো আপনার সমর্থন ছাড়া আন্দোলন করতে পারবে না।’
চতুর্থ বিমসটেক সম্মেলন শেষে এ বিষয়ে রবিবার (২ সেপ্টেম্বর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কথার প্রসঙ্গ ধরে এ মন্তব্য করেন আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান। এ সময় গণভবনের সংবাদ সম্মেলন কক্ষে হাস্যরস সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর মুখেও কথাটি শুনে মৃদু হাসির রেখা দেখা যায়। তবে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য না করে নাঈমুল ইসলাম খানের নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে দ্বিতীয় প্রশ্নের জবাব দেন।
এ সময় আমাদের নতুন সময় নামে একটি পত্রিকা করার জন্য নাঈমুল ইসলাম খানকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়ে ডায়েরি লেখার অভিজ্ঞতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সে সময়ের সেই টুকরো টুকরো ভাবনাগুলোই পরে ‘দিনবদলের সনদ’ হিসেবে আপনাদের সামনে হাজির করেছি।
এর আগে চতুর্থ বিমসটেক সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও তার ভূমিকার বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।








