আগামী ১৩ সেপ্টেম্বর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক রূপসী বাংলা) উদ্বোধন করা হবে। ওইদিন সন্ধ্যায় হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের একমাসের মাথায় এটি বাণিজ্যিকভাবে তাদের কার্যক্রম শুরু করবে। সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে হোটেলটির সংস্কার কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে সংসদীয় কমিটিকে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে কমিটির সভাপতি মোহম্মদ ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে, এ মাসের ১৩ তারিখেই হোটেলটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আন্তর্জাতিক মানের এই ধরনের হোটেলের একটা নিয়ম রয়েছে, উদ্বোধনের পর কিছুদিন পরীক্ষামূলকভাবে অপারেশন করা হয়। এই হোটেলের ক্ষেত্রে একমাস পরীক্ষামূলক অপারেশন শেষে তারা বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।’
এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধর্ম মন্ত্রণালয় থেকে হজ্বযাত্রী পরিবহনের ক্ষেত্রে যে সব এজেন্সি শর্ত সঠিকভাবে পালন করেনি তাদের বিরুদ্ধে কমিটি আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ তাদের লাইসেন্স বাতিল করার সুপারিশ করেছে।
এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার সুন্দরভাবে হজ ব্যবস্থাপনার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছি। পাশাপাশি এবার যেসব ত্রুটিগুলো ধরা পড়েছে, তা নতুন হজ বছরের প্রথম বৈঠকেই পর্যালোচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে সুপারিশ করেছি।’
এছাড়া বৈঠকে নতুন আসা উড়োজাহাজ ড্রিমলাইন সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের পরামর্শ দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রমকে সুশৃঙ্খল করে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ট্রানজিটের সময় কমিয়ে আনার সুপারিশ করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রমে সাব-কমিটির প্রতিবেদনের সুপারিশগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়।
কার্গো বিমানের আসা মালামাল বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করলে বেশি হারে জরিমানা করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট আইন পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ বিমানকে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ পর্যটন করপোরেশনে অস্থায়ী ভিত্তিতে যে সব কর্মচারী কর্মরত আছেন, তাদের কোর্টের নির্দেশনা অনুযায়ী চাকরি স্থায়ীকরণের সুপারিশ করা হয়।
ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহ্জাহান কামাল, অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান ও সাবিহা নাহার বেগম অংশ নেন।








