বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও মেয়েদের সহায়তার জন্য আরও ৭২ মিলিয়ন ডলারসহ ১৫ শতাংশ নতুন অর্থায়নের আহ্বান জানিয়েছে অক্সফাম।
রোহিঙ্গা সংকটের একবছর উপলক্ষে মঙ্গলবার প্রকাশিত ‘ওয়ান ইয়ার অন: টাইম টু পুট উইমেন অ্যান্ড গার্লস এট দ্য হার্ট অব দ্য রোহিঙ্গা রেসপন্স’ শীর্ষক এক প্রতিবেদন এসব কথা বলা হয়।
বর্তমানে সার্বিক জরুরি সহায়তায় নারীদের নির্দিষ্ট প্রয়োজন মেটানোর জন্য আলাদা কোনও বাজেট নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অক্সফামের কান্ট্রি ডিরেক্টর ড. দীপঙ্কর দত্তের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আমরা আন্তর্জাতিক অংশীদারদেরকে তাদের প্রচারণা আরও জোরদার করতে অনুরোধ করছি। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বৈষম্য দূর করার ক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষকে দৃঢ় রাজনৈতিক ইচ্ছা তথা দৃশ্যমান কর্মকাণ্ড প্রদর্শন করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, অক্সফামের প্রতিবেদনটি আন্তর্জাতিক দাতাদের জন্য তাদের সহায়তা এবং মানবিক সহায়তাদানকারিদের জন্য পরিকল্পনা ও তা বাস্তবায়নের ক্ষেত্রে একটি দিক নির্দেশনা হিসেবে কাজ করবে।
তিনি বলেন, এই অতিরিক্ত সহায়তা পরিবার পরিকল্পনা কর্মসূচি, নারীদের সুনির্দিষ্ট স্বাস্থ্য ও পুষ্টির প্রয়োজনীয়তা, পৃথক স্যানিটেশন সুবিধা জন্য ক্যাম্পগুলো স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক হবে। খবর বাসস।








