দেশের ১০টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, জয়পুরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পটুয়াখালী, চাঁদপুর, দিনাজপুর, মেহেরপুর, কুড়িগ্রাম ও সিলেটে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক অতুল সরকারকে জয়পুরহাট, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর একান্ত সচিব (পিএস) সেবাস্টিন রেমাকে গাইবান্ধা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব সাবিনা ইয়াসমিনকে পঞ্চগড়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আবেদ হোসেনকে ঠাকুরগাঁও, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব মো. মতিউল ইসলাম চৌধুরীকে পটুয়াখালী, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব কেএম কামরুজ্জামান সেলিমকে চাঁদপুর, স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত উপ-সচিব মাহমুদুল আলমকে দিনাজপুর, প্রধানমন্ত্রী কার্যালয়ে সংযুক্ত উপ-সচিব আতাউল গনিকে মেহেরপুর, ভূমিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ জাকির হোসেনকে কুড়িগ্রাম ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী এমদাদুল ইসলামকে সিলেটের ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়াও আদেশে বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের ডিসি মো. আখতারুজ্জামানকে রাজউকের পরিচালক, চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খানকে জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, দিনাজপুরের ডিসি আবু নাঈম মুহাম্মদ আব্দুস সবুরকে রাজউকের পরিচালক, মেহেরপুরের ডিসি মোহাম্মদ আনোয়ার হোসেনকে পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম-পরিচালক, জয়পুরহাটের ডিসি মোহাম্মদ হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব, গাইবান্ধার ডিসি গৌতম কুমার পালকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব, সিলেটের ডিসি নুমেরী জামানকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব এবং পটুয়াখালীর ডিসি মো. মাছুমুর রহমানকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর ১০ জেলায় ডিসি পদে পরিবর্তন আনা হয়েছিল।








