জাতিসংঘের ৭৩তম অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে দেশে ফেরার পথে রবিবার (৩০ সেপ্টেম্বর) লন্ডনে যাত্রা বিরতি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার (১ অক্টোবর) তার দেশে ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সোয়া ৭টায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে করে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রী লন্ডনে কয়েক ঘণ্টা যাত্রাবিরতির পর আজ স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। ফ্লাইটটি সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে নির্ধারিত রয়েছে। বাসস








