মঙ্গলবার (৯ অক্টোবর) থেকে ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়ান মেরিটাইম অ্যান্ড লজিস্টিকস ফোরাম (এসএএমএলএফ) ২০১৮-এর দ্বিতীয় সম্মেলন। এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে দু’দিনব্যাপী এই সম্মেলন ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে।
রবিবার (৭ অক্টোবর) সকালে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নৌমন্ত্রী শাজাহান খান।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব এম এ সামাদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল ও ভুটানের মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ২০টি দেশ থেকে আসা নৌ-খাতের সংশ্লিষ্ট বাণিজ্য ও শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। দুদিনব্যাপী এই ফোরামের সেশনে বাংলাদেশের নৌপরিবহন সেক্টরের উন্নয়ন ও এতে বিনিয়োগের সম্ভাবনা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যের বাধাসমূহ ও এর সমাধান, ক্রমবর্ধমান চাহিদা পূরণে দক্ষিণ এশীয় বন্দরসমূহের উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা ছাড়াও ড্রেজিং, শিপ বিল্ডিং এবং ব্যাংকারিংসহ নৌ-খাতের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।








