শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি সহিংস হলেও সেখানে অবস্থিত বাংলাদেশিরা নিরাপদে আছেন। কলম্বোতে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (২৮ অক্টোবর) দেশটির সাবেক ক্রিকেটার ও মন্ত্রী অর্জনা রানাতুঙ্গা তার অফিসে ঢুকতে গেলে সেখানকার নিরাপত্তারক্ষী ও তার দেহরক্ষীদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় গুলিতে একজন নিহত ও দুজন আহত হন। এরপরই নাটকীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি সহিংসতার দিকে মোড় নেয়। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
কলম্বোতে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে বাংলাদেশিরা ভালো আছেন এবং আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’
এখানকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকার কূটনৈতিক মহলকে সোমবার (২৯ অক্টোবর) ব্রিফ করবে বলে জানান তিনি।
এদিকে বাংলাদেশের বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রতিবেশী দেশটির রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে।
বিভিন্ন মিডিয়া ও সূত্র জানিয়েছে, রানাতুঙ্গার নিরাপত্তা রক্ষীরা গুলি চালালে একজন নিহত এবং দুজন আহত হন।
শ্রীলঙ্কাতে গত শুক্রবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তার প্রধানমন্ত্রী রানিল বিক্রমেসিংহেকে বরখাস্ত করেন এবং তার জায়গায় সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকশেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপর দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয় এবং সহিংসতায় মোড় নেয়।
বিভিন্ন সূত্র জানায়, শ্রীলঙ্কায় বেশ কিছু দিন ধরে কোনও রাজনৈতিক সহিংসতা না থাকলেও এবার প্রেক্ষাপট সহিংতায় মোড় নিয়েছে।
প্রসঙ্গত, রবিবার সাবেক জ্বালানিমন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা তার অফিসে ঢোকার চেষ্টা করলে সেখানকার রক্ষীরা গুলি ছোড়ে। তখন তার দেহরক্ষীরাও পাল্টা গুলি ছুড়ে। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। পুলিশ ওই রক্ষীকে গ্রেফতার করেছে এবং রানাতুঙ্গা নিরাপদে আছেন বলে সেখানকার পুলিশ জানিয়েছে।
এদিকে রাজাপাকশের সমর্থকরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নেওয়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিতে পারে বলে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম আশঙ্কা করছে।








