একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনি প্রচারণায় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এসময় সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি কোনও বিষয়ে মতবিরোধ বা মতানৈক্য থাকলে দলগুলোকে তা মীমাংসার অনুরোধও করেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের মালিকানার অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়; নতুন সরকার গঠনের ক্ষেত্র তৈরি হয়। এমন নির্বাচনে দেশের সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার জন্য আবারও আহ্বান জানাই।’
রাজনৈতিক দলগুলোকে বিরোধ মীমাংসার অনুরোধ জানিয়ে তিনি বলেন,‘ তাদের (দলগুলোর) মধ্যে কোনও বিষয় নিয়ে মতানৈক্য বা মতবিরোধ থেকে থাকলে রাজনৈতিকভাবে তা মীমাংসার অনুরোধ জানাই। প্রত্যেক দলকে একে অপরের প্রতি সহনশীল সম্মানজনক এবং রাজনীতিসুলভ আচরণ করার অনুরোধ জানাই।’
সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে প্রার্থীর সমর্থকদের সরব উপস্থিতিতে অনিয়ম প্রতিহত হয় বলে আমি বিশ্বাস করি। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা যেন কখনও প্রতিহিংসা বা সহিংসতায় পরিণত না হয়, রাজনৈতিক দলগুলোকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই।’
সাড়ে ১৩ মিনিটের এ ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি। ২৩ ডিসেম্বর রবিবার ভোটগ্রহণের তারিখ ঘোষণা দিয়ে তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর ২০১৮ সোমবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার।








