সংসদ নির্বাচনের আগে টঙ্গী বিশ্ব ইজতেমা স্থলে সব ধরনের অনুষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি গাজীপুর পুলিশ কমিশনার, গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুর পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বিশ্ব ইজতেমা ঘিরে তাবলিগ জামাতের জমায়েতের স্থান টঙ্গী ময়দানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির আশঙ্কা করা হয়েছে।
তাবলিগ জামাত বাংলাদেশ’র আবেদনে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, তাবলিগ জামাত বাংলাদেশ’র দাখিল করা আবেদনে টঙ্গী ময়দানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির আশঙ্কা এবং এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ অর্থাৎ ৩০ ডিসেম্বরের আগে অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।








