প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি ব্যবস্থাপনা এবং নদীর ভাঙন রোধে ‘ডেল্টা পরিকল্পনা-২১০০’ বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন।
ঢাকায় নেদারল্যন্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত হেনড্রিকাস জি জে হ্যারি সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্বৃত করে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘আমরা পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং নদীর ভাঙন রোধে এবং একইসঙ্গে ডেল্টা পরিকল্পনা-২১০০ বাস্তবায়নের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করছি।’ ডেল্টা পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের প্রতি কৃতজ্ঞতা জানান।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এসময় ডেল্টা পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে বাংলাদেশকে তার সরকারের সবরকমের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে বলেন, দুই দেশের দীর্ঘমেয়াদি একই ধরনের একটি পরিকল্পনা রয়েছে।
রাষ্ট্রদূত হ্যারি মিয়ানমারকে বাংলাদেশ থেকে তাদের রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘মিয়ানমার থেকে বাস্ত্যুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত নিয়ে যাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখতে হবে।’
শেখ হাসিনা বলেন, চীন ও ভারত ফিরে আসা রোহিঙ্গাদের বসবাসের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যে ঘর-বাড়ি নির্মাণ করে দিচ্ছে। আর জাপানও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
দেশব্যাপী একশ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তার সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সেখানে শিল্প স্থাপনের জন্য জমি বরাদ্দ করা হচ্ছে এবং সরকার সেখানে বিদেশি বিনিয়োগকে আমন্ত্রণ জানাচ্ছে।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নকে এসময় চমকপ্রদ আখ্যায়িত করে রাষ্ট্রদূত এর ভূয়শী প্রশংসাও করেন।
কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের উচ্ছসিত প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, এই ক্ষেত্রে বাংলাদেশের আরও উন্নত করার যথেষ্ট সুযোগ রয়েছে।
শেখ হাসিনা আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণে তার সরকারের বিবিআইএন (বাংলাদেশ,ভুটান,ভারত,নেপাল) এবং বিসিআইএম-ইসি (বাংলাদেশ,চীন, ভারত,মিয়ানমার- অর্থনৈতিক করিডোর) উদ্যোগ তুলে ধরে বলেন, এরফলে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ আরউ বেগবান হবে।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সাক্ষাতে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালীকরণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার একটি চিঠিও প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। খবর বাসস।








