বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আজ আমরা ভয়ঙ্কর এক অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে হওয়া ‘লেভেল প্লেইং ফিল্ড’ শীর্ষক বৈঠকিতে তিনি এ আশঙ্কার কথা বলেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় সাপ্তাহিক এই আয়োজন—বাংলা ট্রিবিউন বৈঠকি।
শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, সন্ত্রাসী এই পাঁচটি সংস্থার যে জোট, এদের সঙ্গে সহায়-সম্বলহীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের লড়াই করতে হচ্ছে। সহায়-সম্বলহীন আমাদের পরিস্থিতি। পোস্টার তো ছাপাই যায় না। সমস্ত প্রেস বন্ধ করে দেওয়া হয়েছে; পুলিশ গেছে, আওয়ামী লীগ গেছে, সন্ত্রাসী গেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা যে কয়বার ক্ষমতায় এসেছি নির্বাচন করে এসেছি। আমরা সিরিয়াস হবো না কেন? আমরা পোস্টার লাগাবো না কেন? আমরা ছয় ঘণ্টার নোটিসে লাখের উপর মানুষের সমাবেশ করতে পারি। আমাদের দুইশ’ থেকে আড়াইশ প্রার্থীর ওপর সরাসরি আক্রমণ হয়েছে। আজকে আমরা ভয়ঙ্কর একটি অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। ফলে কার ভাগ্যে কী আছে, কোন বিপদের মধ্যে নিয়ে যাচ্ছে, কেউ বলতে পারবে না।’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ বৈঠকিতে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান, দৈনিক আমাদের নতুন সময়ের যুগ্ম সম্পাদক বিভুরঞ্জন সরকার, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।








