প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন শেখ হাসিনা।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল দশটায় রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রীরা। এরপর বেলা ১১টায় তারা ফুল দেবেন জাতীয় স্মৃতিসৌধে। পরদিন বুধবার (৯ জানুয়ারি) যাবেন জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে। এদিন বেলা ১১টায় বঙ্গবন্ধুর কবরে পুস্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য মন্ত্রীরা। এ সময় সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবে।
প্রধানমন্ত্রীকে চীন ও নেপালের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
সোমবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে শেখ হাসিনা ২ লাখ ৪৪ হাজার ৯০৯ ভোট পেয়ে এমপি পদে বিজয়ী হন। এ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পায় ২৮৮টি আসন।







