২০২১ সাল নাগাদ বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে ও ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল কালাম আবদুল মোমেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা অনুযায়ী বিভিন্ন ভিশন বাস্তবায়ন ও এর কাজ ত্বরান্বিত করতে অর্থনৈতিক কূটনীতির ওপর বেশি জোর দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।’
সোমবার (৭ জানুয়ারি) এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
নতুন পররাষ্ট্রমন্ত্রী ২০৪০ সাল নাগাদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং পরবর্তী একশ বছরে ডেল্টাপ্লান বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশার কথাই মোটামুটি তুলে ধরেন।
ড. মোমেন রোহিঙ্গা ইস্যুতে বলেন, ‘এটা একটা বড় বিষয়। এই সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে প্রথমে আমাকে সমস্যাটা বুঝতে হবে।’
নবনিযুক্ত মন্ত্রী বলেন, ‘জনগণের ব্যাপক রায় পেয়ে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার কারণে বর্তমান সরকারের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের দায়িত্বও অনেক বেড়ে গেছে।’
বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই ড. মোমেন সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে এমপি নির্বাচিত হন।
তিনি নিউইয়র্কে জাতিসংঘে রাষ্ট্রদূত এবং বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তিনি চিলি ও পেরুর রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন।
ড. মোমেন বোস্টনে নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (কেমব্রিজ) থেকে জনপ্রশাসন, জননীতি ও আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে এমপিএ (মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিং) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, ডেভেলপমেন্ট ইকোনমিতে এমএ ও বিএ (অনার্স) ডিগ্রি লাভ করেন।
ড. মোমেন মেরিম্যাক কলেজ, সালেম স্টেট কলেজ, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এবং হার্ভার্ড ইউনিভার্সিটির কনেডি স্কুল অফ গভর্নমেন্ট-এ অর্থনীতি এবং ব্যবসায় প্রশাসন বিষয়ে শিক্ষকতা করেন।
তিনি ২০১০ সালে আন্তর্জাতিক পর্যায়ে ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭ তম অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন।
ড. মোমেন ২০১৪ সালে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কমিটির সভাপতি ছিলেন। সূত্র: বাসস।








