গণমাধ্যমের সঙ্গে সরকারের সমঝোতা থাকলে রাষ্ট্র এগিয়ে যায় বলে মন্তব্য করেছেন নতুন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে দায়িত্বভার গ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তথ্য সচিব আব্দুল মালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাছান মাহমুদ বলেন, ‘সরকারের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক যেন অটুট থাকে আমি সে চেষ্টাই করবো। সরকার এবং গণমাধ্যম উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় আমরা তা করবো।’
তিনি বলেন, ‘সাংবাদিকদের অনেক কথা আছে, আমি জানি। সেই কথাগুলো শুনে-জেনে কাজ করবো।’
‘ভুঁইফোড় সংবাদমাধ্যমের’ বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘অনেকগুলো ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। আপনাদের সহযোগিতায় এগুলোর বিরুদ্ধে সম্মিলিতভাবে মোকাবিলা করবো।’
হাছান মাহমুদ বলেন, ‘আমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। স্কুল জীবন থেকে সব সময় আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আজও করবো। লাইফ ইজ ফুল অব চ্যালেঞ্জেস। আমি মনে করি, সব কাজই সমাধানযোগ্য।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অনলাইন মিডিয়ার যে ব্যাপক বিকাশ ঘটেছে, সেটি শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে গেছেন।’
তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পন। সমাজের সব চিত্র দেখায় গণমাধ্যম। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃতে বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে। বর্তমানে বাংলাদেশে বেসরকারি অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে।’
সাংবাদিক উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’








