পোশাক শ্রমিকরা সরকারি মজুরি কাঠামো অনুযায়ী মালিক পক্ষকে বেতন বাড়াতে বললে চাকরি চলে যায় বলে দাবি করেছেন ইয়ুথ পোশাক কারখানার শ্রমিক রীনা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বেতন বাড়িয়েছেন। কিন্তু আমরা সে বেতন পাইনি।’
মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিওতে চলা দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালটির সাপ্তাহিক আয়োজন ‘মজুরি বাড়লেও বাড়ছে না শ্রমিকদের আস্থা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা জানান।
শ্রমিক রীনা বলেন, ‘সরকার বেতন বাড়িয়েছে। হেল্পারের বেতন ৫ হাজার ৩০০ টাকা হয়েছে। কিন্তু সেটা পাননি কোনও হেল্পার। আমাদের অফিসে হেল্পারের বেতন ৪ হাজার ২০০ টাকা। সরকারি মজুরি কাঠামো অনুযায়ী বাড়ায়নি মালিক।’
তিনি আরও বলেন, ‘আমি চতুর্থ গ্রেডের অপারেটর। কিন্তু আমার মজুরি বাড়েনি। আমরা মালিকের কাছে অনেক চাওয়ার পরও ২০০ টাকা, ৩০০ টাকা বা ৪০০ টাকার ওপরে মজুরি বাড়েনি। আমি একবছর ধরে এখানে কাজ করি।’
রীনা বলেন, ‘শ্রমিকরা যদি মজুরির কথা বলে, তবে চাকরি চলে যায়। অনেক বছর ধরে যারা চাকরি করে, তারাও যদি মজুরি বাড়ানোর কথা বলায় তাদের চাকরি হারিয়েছেন। আমরা চাকরি যাওয়ার ভয়ে কিছু বলি না। আমি যে এখানে আসছি কথা বলতে, এতে আমার চাকরি নাও থাকতে পারে।’








