ভারতে শেখ হাসিনার নতুন সরকারের নীতিনির্ধারকদের সিরিজ সফর

রঞ্জন বসু, দিল্লি
২৭ জানুয়ারি ২০১৯, ২৩:৫৪আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৫:১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি-ফোকাস বাংলা) বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার শপথ নেওয়ার কিছু দিনের মধ্যেই দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রী বা নীতিনির্ধারকরা একে একে ভারত সফরে আসতে শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে যারা ভারতে আসছেন, তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক বিশেষ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বর্তমান বিজেপি সরকারের মেয়াদ শেষ হতে আর চার মাসও বাকি নেই। দেশে (ভারত) সাধারণ নির্বাচনও হচ্ছে আগামী একশো দিনের মধ্যেই। এ ধরনের পরিস্থিতিতে সচরাচর একটা দেশের কূটনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা দেখা যায়, বিদেশি রাষ্ট্রগুলোও এটা দেখার জন্য অপেক্ষা করে যে, সেখানে কোনও ক্ষমতার পালাবদল হয় কিনা।

‘তবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন এমনই পর্যায়ে যে, দু-তিনটে মাস বসে থাকার কোনও অবকাশ নেই। আর সে কারণেই দিল্লি ও ঢাকার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নানা সফর ও বিনিময় (এক্সচেঞ্জেস) চলছেই’, বলছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা।

সাম্প্রতিক নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল জয়ের পর যে বিদেশি রাষ্ট্রপ্রধান তাকে প্রথম অভিনন্দন জানান, তিনি ছিলেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর টেলিফোন বার্তা নিঃসন্দেহে বাংলাদেশের নির্বাচনকে আন্তর্জাতিক বৈধতা পেতে সাহায্য করেছে, আর এখন হাসিনা সরকারের প্রতিনিধিরাও দিল্লিতে এসে পাল্টা ধন্যবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

বস্তুত, এ মাসের (জানুয়ারি) শেষের দিকেই ভারতে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর। তবে শেষ মুহূর্তে নানা কারণে সেই সফর দিনকয়েক পিছিয়ে গেছে, তিনি এখন ফেব্রুয়ারিতে দিল্লিতে আসবেন বলে স্থির হয়েছে।

যেসব খাতে ভারতের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা এখন তুঙ্গে, তার অন্যতম প্রধান হলো এনার্জি সেক্টর। বিদ্যুৎ থেকে পেট্রোপণ্য সরবরাহ নানা দিকেই সেই সহযোগিতা প্রসারিত হচ্ছে, বিভিন্ন প্রকল্পে লগ্নি করা হচ্ছে কোটি কোটি টাকা।

সেদিক থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর প্রস্তাবিত দিল্লি সফর খুবই তাৎপর্যপূর্ণ। দিল্লিতে এলে তিনি ভারতের একটি নামি স্ট্র্যাটেজিক থিংকট্যাংকের মতবিনিময় সভায় যোগ দেবেন বলেও কথা রয়েছে।

এছাড়া, ফেব্রুয়ারির ৭-৮ তারিখ নাগাদ দিল্লি সফরে আসছেন বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, এটাও এখন মোটামুটি চূড়ান্ত।

তাকে এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতে তার কাউন্টারপার্ট, সুষমা স্বরাজ।

দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে জয়েন্ট কনসালটেটিভ কমিটির (জেসিসি) বৈঠকও অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে। জেসিসি-র বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট প্রায় সব বিষয়েই আলোচনা হয়ে থাকে, এবারেও তার ব্যতিক্রম হবে না।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও একে আব্দুল মোমেন ছাড়াও ঢাকার নতুন সরকারের প্রতিনিধি হিসেবে যিনি শিগগিরই ভারত সফরে আসছেন, তিনি হলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তবে দীপু মনি অবশ্য দিল্লিতে আসছেন না– তিনি সীমান্ত পেরিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ আসবেন ভারতের ত্রিপুরায়। ওই রাজ্যের রাজধানী আগরতলায় তিনি একটি বইমেলা উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

তাকে ত্রিপুরা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপি সরকার।

এদিকে, এসব সফরের আগেই সদ্য দিল্লি ঘুরে গেলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

ভারতের জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে এ সপ্তাহে দুদিনের একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতেই বাংলাদেশের সিইসি ভারত সফরে এসেছিলেন।

দিল্লিতে এসে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও জানিয়েছেন। এমনকি কথা বলেছেন ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়েও।

ফলে শেখ হাসিনার নতুন সরকার দায়িত্ব নিতে না-নিতেই দুই দেশের মধ্যে নানা স্তরে আদান-প্রদান আবারও পুরোদস্তুর শুরু হয়ে গেছে জোর কদমেই।

             

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান