বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন মালয়েশিয়ার বিদায়ী হাই কমিশনার মাদাম নূও আশিকিন বিন্ত মোহাম্মদ তায়েব। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় হৃদয়ের মানুষ। তিনি এত বিপুল সংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন।’
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি।
স্বাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালয়েশিয়ার হাই কমিশনারের কী কী কথা হয়েছে, তা তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রেস সচিব জানান, স্বাক্ষাতে মালয়েশিয়ার হাই কমিশনার বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে পছন্দ করেন জানিয়ে বলেন, ‘দায়িত্বপালনকালে বাংলাদেশকে নিজের দেশের মতো মনে হয়েছে।’ বাংলাদেশের দ্রুত উন্নয়নেরও প্রশংসা করেন হাই কমিশনার।
রোহিঙ্গা প্রত্যাবর্তনে মালেশিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এত বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছে।’ তিনি বলেন, ‘কক্সবাজারের স্থানীয় জনগণ রোহিঙ্গাদের কারণে তাদের ফসলি জমি, কাজ হারিয়ে ভোগান্তিতে আছে। নতুন করে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আরও রোহিঙ্গা আসছে।’ মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এত বড় মানবিক বিপর্যয়ের সময় চোখ বন্ধ করে থাকা যায় না।’ মানবিক দৃষ্টিকোন থেকে রোহিঙ্গাদের সহায়তা করার জন্য মালেশিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের পুনর্বাসন ও তাদের কষ্ট লাঘবে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া একটি।’ আর দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান হাই কমিশনার।
সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।








