আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। ‘বিজয়: ১৯৫২ থেকে ১৯৭১ নবপর্যায়’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বইমেলা শুরু করতে সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা গেছে, শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে প্রকাশনা সংস্থাগুলো। এখনও বেশকিছু স্টলে সাজসজ্জার কাজ চলছে। আজ বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরেজমিন দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণজুড়ে স্টল সাজসজ্জার কাজ চলছে। গেল বছরের তুলনায় এবার মেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে বাংলা একাডেমির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারই প্রথমবারের মতো মেলায় থাকছে ‘আমি লেখক বলছি’ মঞ্চ। সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি মেলা পরিদর্শন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ এবং মিশরের লেখক, গবেষক ও সাংবাদিক মহসেন আল আরিশি। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
এবারের বইমেলা পাঠকবান্ধব ও দৃষ্টিনন্দন হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। তিনি জানান, মেলায় ছয় শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, মেলায় থাকবে ৪২টি প্যাভিলিয়ন। বাংলা একাডেমির ভেতরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ১০০টি স্টল বরাদ্দ থাকবে।








