একাদশ জাতীয় সংসদের চারটি সংসদীয় কমিটি মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি কমিটির সভাপতি পরিবর্তন হয়েছে এবং দুটিতে দশমের সভাপতি বহাল রয়েছে। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদের নৌপরিবহনমন্ত্রী শাহাজান খান পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির পদ। এছাড়া দশম সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাপতি সাবের হোসেন চৌধুরী সভাপতি হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের।
এদিকে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান নৌপরিবহন মন্ত্রণালয় সংসদীয় কমিটি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেনকে মন্ত্রণালয় দুটির সংসদীয় কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
মঙ্গলবার সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু, মুক্তিযুদ্ধ, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির গঠনের প্রস্তাব সংসদে তোলেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে গতকাল সোমবার ও রবিবার ছয়টি কমিটি গঠন করা হয়। সব মিলিয়ে ৫০টি কমিটির মধ্যে এ পর্যন্ত ১০টি গঠন করা হলো।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আবুল হাসনাত আবদুল্লাহ, মইন উদ্দীন খান বাদল, রাজি উদ্দিন রাজু, রফিকুল ইসলাম, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ, এ কে এম রহমতুল্লাহ, ওয়ারেসাত হোসেন বেলাল।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্বে গতবারের মতোই রয়েছেন আফসারুল আমিন। এর সদস্য হলেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী দীপু মনি, আব্দুল কুদ্দুস, এ কে এম শাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, আব্দুস সোবহান মিয়া, এম এ মতিন, গোলাম কিবরিয়া টিপু এবং মাহি বি চৌধুরী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির দায়িত্ব পেয়েছেন সাবের হোসেন চৌধুরী। তিনি দশম সংসদে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন, এই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মোজহাম্মেল হোসেন, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম এবং রেজাউল করিম বাবলু।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাপতি হিসেবে গতবারের মতো এবারও থাকছেন রফিকুল ইসলাম। সদস্য হলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মাজহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, সামির আহমেদ শিমুল, আসলাম হোসেন এবং এস এম শাহজাদা।








