অবৈধ দখলদার উচ্ছেদে কোর্টের নির্দেশনায় অভিযান চলবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নদীর তীর দখলরোধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স বজায় থাকবে।’
সোমবার (২৫ ফেব্রুয়ারি) নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মন্ত্রণালয়ের সভাকক্ষে শিপিং রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ (এসআর এফবি)’র নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
সভার শুরুতে চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকার বিমান ছিনতাইয়ের (রবিবারের ঘটনা) বিষয়টি সফলতার সঙ্গে মোকাবিলা করেছে।
তথ্য পেতে সাংবাদিকদের সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘মন্ত্রণালয় ও এর অধীনের বিভিন্ন দফতর ও সংস্থার তথ্য জানতে বিভিন্ন সোর্স থাকলেও সাংবাদিকদের ওপর অনেক ক্ষেত্রে নির্ভর হতে হয়।’ শিপিং রিপোর্টার্স ফোরাম আরও বেশি গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এসময় শিপিং রিপোর্টার্স ফোরামের নেতারা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম, সমস্যা ও সমাধানের বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে বিআইডব্লিউটিসির স্টিমার ও ফেরি সার্ভিসের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং ওয়াটারবাস চালু, বিআইডব্লিউটিএ’র ড্রেজিং, সদরঘাটের ইজারা প্রথা ও লেবার হ্যান্ডলিং, পদ্মায় স্পিডবোট চলাচল, নৌ পরিবহন অধিদফতরের জাহাজের নকশা অনুমোদন, সার্ভে ও বিভিন্ন পরীক্ষার অনিয়ম, গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরকে আরও গতিশীল করা বিষয়গুলো আলোচনায় স্থান পায়।
এসময় সংগঠনটির সভাপতি রাশেদ আলী, সাধারণ সম্পাদক কাজী জেবেল, আশীষ সেন, শফিকুল ইসলাম, এইচ আর সাগর, কিশোর সরকার, ফারুক খান, মাহমুদ আকাশ, রতন বালো, তোফাজ্জল হোসেন, তরিকুল ইসলাম সুমন, কামাল হোসেন তালুকদার, তাসনীম মহসীন, গাজী শাহনেওয়াজ, মাহফুজুর রহমান শুভ ও রানা মাসুদ উপস্থিত ছিলেন।








