ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। চূড়ান্ত ফলে বেসরকারি ফলের কোনও হেরফের হয়নি।
প্রার্থীদের উপস্থিতিতে সেখানে ফল ঘোষণা করা হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘আগামী সপ্তাহে চূড়ান্ত ফলের গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগকে দিতে পারবো। যেসব প্রার্থী চূড়ান্ত ফল ঘোষণার সময় উপস্থিত থেকে ফল সংগ্রহ করতে পারেননি, তারা নির্বাচন কমিশন অফিস থেকে ফল সংগ্রহ করতে পারবেন।’
চূড়ান্ত ফলে দেখা গেছে, বিপুল ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হয়েছেন। এক হাজার ২৯৫টি কেন্দ্রের সবক‘টির ফল ঘোষণা করা হয়। এতে আতিকুল ইসলাম পান আট লাখ ৪৯ হাজার ৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাফিন আহমেদ পান ৫২ হাজার ৪২৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান আম প্রতীকে ৬ হাজার ১৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহিম টেবিল ঘড়ি প্রতীকে ৮ হাজার ৪০৪ ভোট এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) শাহীন খান বাঘ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮২১ ভোট।
ডিএনসিসিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। ভোটকেন্দ্র এক হাজার ২৯৫টি। উপনির্বাচনে ভোট পড়েছে ৩১.০৫ শতাংশ, যা সংখ্যায় ৯ লাখ ২৩ হাজার ২৬। এরমধ্যে বিভিন্ন কারণে ১৯ হাজার ৫১৩ ভোট বাতিল করা হয়েছে। কোনও কেন্দ্রেরই ভোট স্থগিত হয়নি।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট নেওয়া হয়। সকাল থেকে কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি তেমন একটা দেখা না গেলেও যেসব নতুন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হচ্ছে সেখানে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি দেখা যায়। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তার মিত্ররা এ নির্বাচন বয়কট করে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যান। এতে পদটি শূন্য হয়ে যায়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মেয়র পদে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। কিন্তু সম্প্রসারিত ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ জটিলতার কারণে উত্তর ও দক্ষিণের দুজন সংক্ষুব্ধ ব্যক্তি এ বিষয়ে হাইকোর্টে রিট করায় নির্বাচন পিছিয়ে যায়। এই রিট জটিলতার সমাধান হওয়ায় উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে নির্বাচন এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মৃত্যু হওয়ায় সেখানে বৃহস্পতিবার উপনির্বাচন হয়েছে।








