ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)নব-নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন। নব-নির্বাচিত মেয়র ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও ডিএনসিসি’র মেয়র নির্বাচিত হওয়ায় আতিকুল ইসলামকে অভিনন্দন জানান এবং মেয়র হিসেবে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মো. রাশিদুল আলম, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক ও মো. ফারুক খান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম, ডা. দীপু মনি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও সহ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এমপি, আব্দুস সালাম মোর্শেদী এমপি, এফবিসিসিআই-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ডিএনসিসি’র উপ-নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ৮,৩৯,৩০২ ভোট পান। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাফিন আহমেদ লাঙ্গল প্রতীকে ৫২,৪২৯ ভোট পান। বাসস








