উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। মঙ্গলবার ( ৫ মার্চ) স্পিকার সিইসির চিঠি হাতে পেয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনি প্রচারে অংশ নিতে পারেন না। সংসদ সদস্যরাও গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় আছেন। সে হিসেবে তারাও নির্বাচনের প্রচারে অংশ নিতে পারেন না। কিন্তু কয়েকজন সংসদ সদস্য আচরণবিধি না মেনে নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছেন এমন বিষয় ইসির নজরে এসেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে নির্বাচন কমিশন রাজশাহী–১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, নাটোর–৪ আব্দুল কুদ্দুস ও নেত্রকোনা–৫ আসনের ওয়ারেসাত হোসেন বেলালকে সতর্ক করে চিঠি দিয়েছেন। তাদের নির্বাচনি এলাকা ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, এ অবস্থায় সংসদ সদস্যরা যাতে আচরণবিধি মেনে চলেন সে বিষয়ে অনুরোধ জানিয়ে আচরণবিধিসহ স্পিকারকে একটি চিঠি দেন সিইসি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, সিইসির দেওয়া চিঠি তিনি পেয়েছেন। চিঠিতে আচরণবিধির বিষয়টি তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্টরা যাতে আচরণবিধি প্রতিপালন করেন সিইসি সে অনুরোধ করেছেন।
এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের ভোট গ্রহণ করা হবে।








