নারী দিবসে নারীকর্মীদের জন্য একদিনের ছুটি ঘোষণা করেছে বাংলা ট্রিবিউন। নারীদের সম্মান জানাতেই অনলাইন নিউজ পোর্টালটির এই উদ্যোগ। আগামীকাল ৮ মার্চ বিশ্ব নারী দিবসে প্রতিষ্ঠানটির সব নারীকর্মী একদিনের ছুটি উপভোগ করবেন। দেশের গণমাধ্যম তো বটেই, অন্য যেকোনও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নারীর প্রতি এভাবে সম্মান জানানোর ঘটনা এটাই প্রথম।
বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষ আশা করছে, নারীর ক্ষমতায়নে যেভাবে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে সারাদেশে এর ইতিবাচক প্রভাব পড়বে। ফলে ঘরে-বাইরে পুরুষের সমান মর্যাদা নিয়ে কাজ করতে সক্ষম হবেন নারীরা।
এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল বলেন, ‘আমরা গত কয়েক বছর নারী দিবসে নারীদের নিয়ে পত্রিকা বের করেছি। এগুলোর সার্বিক কাজ নারীরাই করেছিলেন। এ বছর একটি ভিন্নধর্মী ভাবনা থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণত বিভিন্ন উৎসবে আমরা ছুটি কাটাই। এই দিনটিকেও আমরা উৎসব মনে করেছি। দিনটি যাতে তারা খুব আনন্দ নিয়ে উদযাপন করতে পারেন, সেজন্য আমরা ছুটি ঘোষণা করেছি। এর মাধ্যমে আমাদের নারী সহকর্মীদের সম্মান দিতে চেয়েছি।’
হেড অব নিউজ হারুন উর রশীদ উল্লেখ করেছেন, বাংলা ট্রিবিউন সবসময় নারীর ক্ষমতায়ন চায়। তিনি বলেন, ‘এর আগে নারী দিবসে নারী সহকর্মীদের নেতৃত্বে আমরা কাজ করেছি। সেটি একটি পদ্ধতি। এখন আবার আমরা ভাবছি, নারী দিবসে তাদের একটা দিন স্বাধীনভাবে জীবনযাপনের সুযোগ করে দেই না কেন? সেই জায়গা থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। নারীর প্রতি সম্মান দেখানোটাই আমাদের মূল উদ্দেশ্য।’
হারুন উর রশীদের মন্তব্য, ‘নারীরা সারাদিন ঘরের কাজ করেন, বাইরের কাজ করেন। বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটে তাদের। একটা দিন না হয় তারা ছুটি ভোগ করুন, নিজের মতো কাটান। আপন ভুবনে সময় দিন।’
হেড অব মার্কেটিং বন্যা মির্জার কথায়, ‘বাংলা ট্রিবিউনে কাজ করতে এসে অন্যরকম অনুভূতি হয়েছে। অনেকে হয়তো বলবে, নিজের অফিস বলে এমন বলছি। আসলে কিন্তু তা না। এখানে নারী-পুরুষ উভয়ের সমানভাবে কাজের পরিবেশ লক্ষণীয়। সবাই সমান সুযোগ পান। বরং নারীরা একটু বেশিই পান বলে আমি মনে করি। এখানকার পুরুষ সহকর্মীরা দারুণ। নারী সহকর্মীদের সঙ্গে তাদের ব্যবহার চমৎকার ও বন্ধুসুলভ। আমি পুরোপুরি অন্য একটি জগত থেকে এই প্রতিষ্ঠানে এসে যোগ দিয়েছি। এর আগে এমন কোনও জায়গায় কাজ করিনি। কিন্তু সহকর্মীদের সঙ্গে বোঝাপড়ায় কোনও সমস্যা হয়নি। সবাই খুব আন্তরিক।’
নারী দিবসে নারীকর্মীদের ছুটি দেওয়ার মতো উদ্যোগ গণমাধ্যমে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি বললেন, ‘এর আগে কোনও প্রতিষ্ঠান এভাবে নারীদের সম্মান জানিয়ে ছুটি দিয়েছে কিনা আমার জানা নেই।’
আগে কখনও এ ধরনের ছুটির কথা শোনেননি বাংলা ট্রিবিউনে জুনিয়র ডিজাইনার হিসেবে সদ্য যোগ দেওয়া তৃষা ফেরদৌসী, ‘শুনে খুবই ভালো লাগছে। একটা প্রতিষ্ঠান নারীদের সম্মানে একদিন ছুটি দিচ্ছে, এটি আমাদের জন্য অনেক বড় ব্যাপার।’








