প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল সোমবার (১১ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এক হাজার ১০০টি বাস ও ট্রাক সরবরাহসহ ৪টি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, দুই প্রধানমন্ত্রী সোমবার বাংলাদেশ সময় বেলা ১টা ১০ মিনিটে দুই দেশের রাজধানী থেকে প্রকল্পগুলো উদ্বোধন করবেন।
বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ মিয়া বাসসকে জানান, ভারত থেকে পাওয়া ঋণে কেনা ৬০০ বাস ও ৫০০ ট্রাক বিআরটিসিকে সরবরাহের বিষয়টি উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। বাসগুলোর মধ্যে ৩০০টি ডবল ডেকার, ১০০টি নন এসি, ১০০টি সিটি এসি ও ১০০টি ইন্টারসিটি এসি বাস রয়েছে। ট্রাকগুলোর মধ্যে রয়েছে ৩৫০টি ১৬ দশমিক ২ মেট্রিক টন বহন ক্ষমতার এবং ১৫০টি ১০ দশমিক ২ মেট্রিক টন বহন ক্ষমতার।
বিআরটিসি চেয়ারম্যান বলেন, ‘এ পর্যন্ত ৪৭টি বিআরটিসি বাস ও ২৫টি ট্রাক বাংলাদেশে এসে পৌঁছেছে। বাকি বাস ও ট্রাক আগামী জুনের মধ্যে এসে পৌঁছবে।’
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, দুই প্রধানমন্ত্রী ভারত সরকারের অনুদান অর্থায়নের আওতায় জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করবেন।
দুই প্রধানমন্ত্রী বাকি যেসব প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হলো ভারত সরকারের অনুদান সহায়তার আওতায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভায় ১১টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট এবং সার্ক দেশগুলোতে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক (এনকেএন) সম্প্রসারণের আওতায় বাংলাদেশে এনকেএন সম্প্রসারণ। বাসস।








