ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাঁচটি প্যানেলের প্রতিনিধিরা।
বুধবার (১৩ মার্চ) নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর, লিটন নন্দী, এআরএম আসিফুর রহমানসহ দশজনের একটি প্রতিনিধি দল ভিসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা মৌখিকভাবে উপাচার্যকে নিজেদের দাবি দাওয়া জানান।
উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে বামজোটের অন্যতম ছাত্রনেতা লিটন নন্দী সাংবাদিকদের বলেন, ‘আমরা পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। এরপর আমরা তার কাছে আমাদের দাবি-দাওয়াগুলো জানাই। আমরা তাকে তিন দিনের মধ্যে দাবি মেনে পুনঃতফসিল ঘোষণার আল্টিমেটাম দিয়েছি। তবে ভিসি আমাদের কোনও কথা দেননি। উল্টো তিনি আমাদের বলেছেন, যারা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা করবে, তাদের হাড়গোড় থাকবে না। তবে আমরা তাতে ভীত না। আমরা পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাবো।’
তিনি আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা সেটিও প্রত্যাহারের দাবি জানিয়েছি। তবে সে বিষয়েও আমরা কোনও আশ্বাস পাইনি।’
স্বতন্ত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অরণি স্যামন্তী খান বলেন, ‘আমরা উপাচার্যের কাছ থেকে কোনও আশ্বাস পাইনি। আমরা পুনর্নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যাবো। উপাচার্য আমাদের দাবি না শুনে উল্টো অনেক কথা শুনিয়ে দিয়েছেন।’
পরে উপাচার্য ভবনের সামনে থেকে প্রতিনিধি দলটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে চলে আসে।








