রোকেয়া হলের শিক্ষার্থীদের দাবির সঙ্গে পূর্ণ সমর্থন জানিয়ে রোকেয়া হল সংসদে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন মেয়েদের তিনটি হলের স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত প্রতিনিধিরা। বুধবার (১৩ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নবনির্বাচিত তিন সহ-সভাপতি (ভিপি) ও দুইজন জিএসও উপস্থিত ছিলেন। তারা রোকেয়া হলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
লিখিত বক্তব্যে শামসুন্নাহার হলের নবনির্বাচিত জিএস আফসানা ছপা বলেন, ‘রোকেয়া হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে সারা রাত ধরে চলা বিক্ষোভ ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা খুবই শঙ্কিত ও উদ্বিগ্ন। এরইমধ্যে আমরা জেনেছি, অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমতাবস্থায় আমরা নির্বাচিত হল সংসদ স্বতন্ত্র প্যানেল ও প্রার্থীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুফিয়া কামাল হলের জিএস মনীরা শারমিন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের হলগুলোতে সুষ্ঠু নির্বাচন হয়েছে। যে হলগুলোতে কারচুপি হয়েছে, সেখানে আবার নির্বাচন চাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কবি সুফিয়া কামাল হলের ভিপি তানজীনা আক্তার সোমা ও শামসুন্নাহার হলের ভিপি তাসনীম আফরোজ ইমিসহ তাদের প্যানেল থেকে বিজয়ী অন্যরা। তারা দাবি করেছেন, তাদের হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেখানে পুনর্নির্বাচনের দরকার নেই।
১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর ভিপি (সহ-সভাপতি) ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হন।








