জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার রিভা গাঙ্গুলী। বুধবার (২০ মার্চ) সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে হওয়া সাক্ষাৎ অনুষ্ঠানে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন। সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সবক্ষেত্রে নারীর ক্ষমতায়ন দৃশ্যমান। শেখ হাসিনাই নারীর ক্ষমতায়নে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরাসরি জনগণের ভোটে নারী জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পথ সুগম করেছেন।’ সবক্ষেত্রে বাবার নামের পাশাপাশি মায়ের নাম অন্তর্ভুক্তিকরণ ও বাবা-মার ভরণপোষণ আইন বর্তমান সরকার করেছে বলেও তিনি উল্লেখ করেন।
স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। অর্থনৈতিক গতিশীলতার কারণে শুধু শহরেই নয়, উন্নয়ন হয়েছে গ্রামীণ জনপদেরও।’
এবছর বাংলাদেশ থেকে তরুণ সংসদ সদস্য ও রাজনীতিবিদদের এক প্রতিনিধিদল অভিজ্ঞতা বিনিময়ের জন্য ভারতের লোকসভায় গিয়েছেন উল্লেখ করে স্পিকার ভারতের লোকসভার সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশের জাতীয় সংসদে পাঠানোর অনুরোধ করেন।
তিনি মনে করেন, ‘দুইদেশের সংসদ সদস্যদের পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয়েরই সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে।’
বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ অভিহিত করে ভারতীয় হাই কমিশনার বলেন, ‘পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এ অঞ্চলের সব দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।’ এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণ ও জনগণের প্রতি ভালোবাসার ভূয়সী প্রশংসা করেন।








