জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে জানানো হয়, জাতীয় কমিটিতে নতুন করে ১৭ জন এবং জাতীয় বাস্তবায়ন কমিটিতে ১৮ জন সদস্য যুক্ত হয়েছেন।
এর আগে ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০২ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের নেতৃত্বে ৬১ সদস্য বিশিষ্ট জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। জাতীয় কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও তার বোন শেখ রেহানা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ, আওয়ামী লীগের সিনিয়র নেতানেত্রীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
এই জাতীয় কমিটিতে আরও ১৭ জন যুক্ত হওয়ায় এর সদস্য দাঁড়িয়েছে ১১৯ জনে। নতুন যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন- প্রধানমন্ত্রীর কন্যা ও অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, আওয়ামী লীগের উপদেষ্টা মির্জা আবদুল জলিল, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাইদুর রহমান, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, সাবেক প্রধান তথ্য কর্মকর্তা আজিজুর রহমান আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপউপচার্য নাসরিন আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিচার্সের মহাপরিচালক মোনায়েম সরকার ও নাট্যশিল্পী কেরামত মওলা।
এদিকে আরও নতুন ১৮ সদস্য নিয়ে জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য হয়েছে ৭৯ জন। এই কমিটির নতুন সদস্যরা হলেন- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য শেখ তন্ময়, আরোমা দত্ত, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব, অধ্যাপক সাত্তার মণ্ডল, শিল্পী রফিকুন নবী, নাট্যশিল্পী আতাউর রহমান, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, বিজিএমইএ এর বিদায়ী সভাপতি সিদ্দিকুর রহমান, সাংবাদিক জাফর ওয়াজেদ, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস।








