ঢাকা মহানগরীতে নিয়মবহির্ভূতভাবে নির্মিত ভবনগুলো ভাঙার দৃশ্য দেখার অপেক্ষা করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা অপেক্ষায় আছি কবে নিয়মবহির্ভূতভাবে নির্মিত ভবনগুলো ভাঙা হবে। এগুলোর মধ্যে একটাও যদি ভাঙে তবে সেটা অনুকরণীয় হবে। এগুলো ভাঙলে অন্য সবার জন্য একটা শিক্ষা হবে।’
রবিবার (২৮ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, জিল্লুল হাকিম, মনোয়ার হোসেন, আনোয়ারুল আশরাফ খান, সৈয়দা জোহরা আলাউদ্দিন এবং ফরিদা খানম অংশ নেন। বৈঠকে এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়েও আলোচনা হয়।
এ বিষয়ে মোশাররফ হোসেন বলেন, ‘সিভিল এভিয়েশন বলেছে ১৫ তলার বেশি করা যাবে না। অথচ ওই এলাকায় হোটেল ওয়েস্টিনসহ অনেক ভবন আছে। সেগুলো সুউচ্চ। কীভাবে এগুলো হলো? এসব ভবন তো কোনও একটি সরকারের আমলে হয়নি। ৪৮ বছর ধরে চলছে। রাজউক বলেছে, তারা ২৪টি টিম করেছে। তাদের প্রতিবেদন কমিটিতে দিতে বলা হয়েছে।’
তিনি আরও বলেন, রাজউকের তৃণমূল পর্যায়ের কর্মীদের পাশাপাশি চেয়ারম্যানসহ পদস্থদের বিভিন্ন এলাকা পরিদর্শন করতে বলা হয়েছে।
কমিটির সদস্য মনোয়ার হোসেন প্রশ্ন তোলেন, ১৮ তলা ভবনের (এফআর টাওয়ার) পর আরও পাঁচতলা কীভাবে করলো, এটার ফাউন্ডেশন কত তলার ছিল?
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বর্তমান বিল্ডিং কোড যুগোপযোগী করা, অনুমোদনহীন বহুতল ভবনের উচ্চতা বৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কার্যক্রম মনিটরিং করার সুপারিশ করা হয়। এছাড়া বহুতল ভবনে অগ্নিদুর্ঘটনা রোধে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারে জনসচেতনা বৃদ্ধি ও গণমাধ্যমে প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।








