রোহিঙ্গা সংকট নিরসনে ভারতের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস মোদির

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মে ২০১৯, ২০:০০আপডেট : ৩১ মে ২০১৯, ২০:১৭

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিরসনে দিল্লির সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমরা মনে করি জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সমস্যার সমাধান হওয়া উচিত। কাজেই বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করবো।’ শুক্রবার (৩১ মে) বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের একার নয়। এটা সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য মারাত্মক হুমকি।’

দীর্ঘস্থায়ী, দ্বিপক্ষীয় ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে মোদি বলেন, ‘ভারত ও ভারতের জনগণ সব সময় বাংলাদেশের পাশে থাকবে।’

ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।’

বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশের জনগণ তিস্তার পানিবণ্টনের বিষয়টি মীমাংসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে।’ জবাবে মোদি বলেন, ‘ভারতও অমীমাংসিত বিষয়টির সমাধান চায়।’ এ সময় তিনি যৌথ নদী কমিশনের কার্যকারিতার ওপর গুরুত্বারোপ করেন।

মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে অংশীদারিত্ব বিকশিত হয়েছে।’

দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আবদুল হামিদ বলেন, ‘এ সম্পর্ক জোরদার ও সমৃদ্ধ হয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের কারণে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত ভারতের প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিনদিনের সফরে বুধবার নয়াদিল্লি যান। সূত্র: বাসস

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম