ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্ঝঞ্ঝাট করতে সরকার সব ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, যাত্রাপথে ছিনতাই-চাঁদাবাজিসহ সব ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (২ জুন) বেলা ১২টায় ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ দাবি করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মোজাম্মেল হক বলেন, নৌদুর্ঘটনা রোধে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ডুবুরি, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। টার্মিনাল পরিদর্শন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ না চালাতে লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করা অসম্ভব হলেও মোকাবিলা করার যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চ না ছাড়তে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এর আগে সকাল ১০টায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রেল ব্যবস্থার উন্নয়নে ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নতুন রেললাইন নির্মাণ, রেলের বগি ও ইঞ্জিন সংগ্রহের লক্ষ্যে সরকার পর্যাপ্ত বরাদ্দ করেছে।
উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, ৫৫টি ট্রেনের মধ্যে শুধু দূরপাল্লার ৩টি ট্রেন দেরিতে আসা-যাওয়া করছে। দুই দিনের মধ্যে এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে।








