বিএনপির মনোনয়নে সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার রুমীন ফারহানা আগামীকাল রবিবার (৯ জুন) শপথ নেবেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে দুপুর ১২টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন। স্পিকারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানও রুমীন ফারহানার শপথ নেওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। রুমীন ফারহানার শপথ হলে জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসন পূর্ণ হবে।
এর আগে ১৬ জুন পদটিতে ভোট হওয়ার কথা থাকলেও রুমীন ফারহানা একক প্রার্থী হওয়ায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন (২৮ মে) তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।








