বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে বছরব্যাপী কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ দিনের চীন সফর শেষে এর সফলতার বিষয় গণমাধ্যমকে অবহিত করতে সোমবার (৮ জুলাই) গণভবনে এক সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এরপর প্রশ্নোত্তর পর্বে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর সে বছরই বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে নেলসন ম্যান্ডেলা, ইয়াসির আরাফাত এবং সুলেমান ডেমিরেল এর মতো বিশ্বনেতা বাংলাদেশে এসেছিলেন। সামনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন এক বা এক ঝাঁক বিশ্ব নেতার বাংলাদেশ সফরের ব্যাপারে সরকারের কোনও পরিকল্পনা আছে কিনা?
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে জাতীয়ভাবে এবং দলীয়ভাবে কমিটি গঠন করা হয়েছে। সেখানে বিভিন্ন উপকমিটি করা হচ্ছে এবং বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে। এজন্য এই সময়কালকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, অতীতের পুনরাবৃত্তি নয় বরং তারচেয়েও আরও জাঁকজমকভাবে মুজিববর্ষের কর্মসূচিগুলো পালন করা হবে। বছরব্যাপী কর্মসূচি চলতে থাকবে। সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। সরকারের সব সংস্থা কর্মসূচি নিচ্ছে। অনেক স্মারকগ্রন্থ বের হবে। কমিটিগুলো এ ব্যাপারে কাজ করে যাচ্ছে।








