গুজব প্রতিরোধে দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ও গণপিটুনি ইস্যুতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশবাসীকে বলবো গুজবে কান দেবেন না। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন। গুজব ও গণপিটুনির নামে মানুষ হত্যা জঘন্য অপরাধ ও পাপের কাজ। মিডিয়ার যারা আছেন তাদের বলবো, অহেতুক ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না।’
গুজব ও ভুল তথ্য প্রচারকারী এবং গণপিটুনিতে জড়িতদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গুজব ছড়িয়ে মানুষ হত্যা করে আইন নিজের হাতে তুলে নেবেন না। গুজব ও মিথ্যা তথ্য যারা ছড়াবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আজ মঙ্গলবার (৩০ জুলাই) টেলি-কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে ঢাকায় আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি ডেঙ্গু, বন্যা, গুজব প্রতিরোধসহ বিভিন্ন ইস্যুতে নির্দেশনা দেন।
ডেঙ্গু মোকাবিলায় করণীয় ঠিক করতে আওয়ামী লীগ এই জরুরি সভার আয়োজন করে। সভা চলাকালে প্রধানমন্ত্রী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মোবাইল ফোনে কল করে টেলি-কনফারেন্সের মাধ্যমে সবার উদ্দেশে কথা বলেন।








