প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে মনিটরিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, ‘বিদেশ ফেরত কর্মীদের মূলধারায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ বুধবার (৩১ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অভিবাসন নিয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
প্রবাস কল্যাণমন্ত্রী বলেন, ‘সব অংশীজনের সহযোগিতায় প্রবাসী কর্মীদের সব ধরনের কল্যাণ নিশ্চিত করা হবে।’
প্রবাসীকর্মীরা তাদের পাঠানোর অর্থের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উল্লেখ করে ইমরান আহমেদ বলেন, ‘তারা যেন কোনও ধরনের হয়রানির শিকার না হন, সে দিকে লক্ষ্য রাখতে হবে। তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে মনিটরিং বাড়াতে হবে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে ও সচিব রৌনক জাহানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক ও কনস্যুলার) কামরুল আহসান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মো. নাজীবুল ইসলাম প্রমুখ।








