
১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)। বিইউপি কালচারাল ক্লাব এবং লিটারেচার ক্লাবের যৌথ উদ্যোগে বর্ষাবরণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিশ্ববিদ্যালয়টি হাঁটি হাঁটি পা পা করে ১০ বছর পার করে ১১তম বর্ষে পা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জাসহ বর্ষার আমেজে পুরো ক্যাম্পাস নতুন সাজে সেজে উঠে। মূল প্রবেশ পথে তৈরি করা হয় রঙিন তোরণ। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের রাস্তা, করিডোরগুলো সাজানো হয় বেলুন, ফেস্টুন আর নানা রঙের পতাকায়।
দিবসটি উপলক্ষে বুধবার (৩১ জুলাই) বিইউপি কনকোর্সে মূল অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী প্রতিষ্ঠা দিবসের কেক কেটে এবং বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদারসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেন।








