তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের আইন অনুযায়ী সম্প্রচার খাতে পরিপূর্ণ শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছে সরকার। সবার সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই সরকার তা করতে সক্ষম হবে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সঙ্গে বৈঠকে এ কথা বলেন মন্ত্রী।
তথ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় অ্যাটকোর সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, কার্যনির্বাহী সদস্য ও প্রতিনিধিদের মধ্যে ইকবাল সোবহান চৌধুরী, আরিফ হাসান, আব্দুল হক, আহমেদ জোবায়ের, কাজী জাহিন এস হাসান, জ. ই. মামুন, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান মাহমুদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ সভায় অংশ নেন। তথ্য সচিব আবদুল মালেক বৈঠক সঞ্চালনা করেন।
মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে গণমাধ্যমের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। তার পরিপ্রেক্ষিতে সম্প্রচারের ক্ষেত্রে যেখানে বিশৃঙ্খলা ছিল সেখানে অনেক শৃঙ্খলা ফিরে এসেছে। বিদেশি চ্যানেলের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচার করা হয় তা পুরোপুরি বন্ধ না হলেও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ক্যাবল অপারেটররা নিজস্ব চ্যানেলের মতো করে যে বিজ্ঞাপন প্রদর্শন করতো সেটি বন্ধ হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে এখানে যে বিশৃঙ্খলা ছিল সেখানে অনেকটা শৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টায় এখানে পরিপূর্ণ শৃঙ্খলা ফিরে আসবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি’র সম্প্রচার নির্বিঘ্ন এবং সুচারু হচ্ছে উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বছর আগেই উৎক্ষেপণ হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা গ্রহণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। এখন পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে শুধু বিটিভি সম্প্রচার হচ্ছে। এ পর্যন্ত যে ফলাফল তাতে বিটিভি’র ক্ষেত্রে কোনও অসুবিধা পরিলক্ষিত হয়নি। সবাই অত্যন্ত স্বাচ্ছন্দ্যে বিটিভি দেখতে পাচ্ছেন।’
গুজব ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি সব টেলিভিশন চ্যানেল ও পত্রপত্রিকাকে ধন্যবাদ জানাই, দেশে কিছুদিন ধরে গুজব তৈরি করার যে চেষ্টা হয়েছিল তার বিরুদ্ধে আপনারা অত্যন্ত জোরালো ভূমিকা রেখেছেন। একইসঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধিতেও টিভি চ্যানেল ও পত্রপত্রিকা অত্যন্ত ভালো প্রচারণা চালাচ্ছে।’
তিন মাসের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সব টিভির সম্প্রচার
অনুষ্ঠানে ডিবিসি নিউজের চেয়ারম্যান ও অ্যাটকোর সদস্য ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আমরা আশা করি দুই থেকে তিন মাসের মধ্যে পুরোপুরি বাংলাদেশের সব চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করতে পারবো। বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে আমাদের কমিটমেন্ট আছে। আমরা অ্যাটকোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে অঙ্গীকার করেছি যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটে যাচ্ছি এবং যাবো। ইতোমধ্যে অনেকেই চুক্তি স্বাক্ষর করেছে। আগামী বৃহস্পতিবার টেকনিক্যাল প্রতিনিধিরা বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষের সঙ্গে বসবেন এবং কারিগরি সমস্যা দূর করার বাস্তব পদক্ষেপ নেবেন।’








