জোড়া মাথার শিশু রাবেয়া-রুকাইয়াকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১১ আগস্ট) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এই দুই শিশুর খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। সম্প্রতি অপারেশনের মাধ্যমে তাদের দুই জনের মাথা আলাদা করা হয়েছে।
এর আগে হাঙ্গেরিতে কয়েক দফা চিকিৎসার পর সিএমএইচে চূড়ান্ত অপারেশনের মাধ্যমে তাদের যুক্ত মাথা পৃথক করা হয়। পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাবেয়া-রুকাইয়ার বাড়ি পাবনার চাটমোহরে। তাদের বয়স সাড়ে তিন বছর।
শিশু দুটিকে দেখার পর ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনকে দেখতে যান শেখ হাসিনা। সেখানে কিছু সময় অতিবাহিত করেন তিনি।
এ সময় সেখানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নাওয়াজকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








