স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাবেক সচিব মো. সিরাজুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। আগামী ৪ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
সোমবার (২৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এ নিয়োগ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিডা’র নির্বাহী চেয়ারম্যান হিসেবে সিরাজুল ইসলাম সিনিয়র সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
উল্লেখ্য, বিডা’র বর্তমান চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের মেয়াদ ৩ সেপ্টেম্বর শেষ হচ্ছে।
জানা গেছে, সিরাজুল ইসলাম ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান। পরে তিনি সচিব পদে পদোন্নতি পান। ২০১৬ সালের ৫ অক্টোবর তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়। সিরাজুল ইসলাম ২০১৭ সালের ১৪ অক্টোবর অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যান।








