বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় গাণিতিক জটিল প্রশ্ন বাদ দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের উপযোগী পৃথক প্রশ্ন তৈরির সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
বুধবার (২৮ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বৈঠকে উচ্চশিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীদের চাকরি দেওয়ার মাধ্যমে সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে পিএসসির মাধ্যমে বিসিএস (বিশেষ) নিয়োগ পরীক্ষার প্রশ্নে বীজগণিত, জ্যামিতি, গ্রাফিক্স চিত্র, সূত্র ও জটিল গাণিতিক হিসাব বাদ দিয়ে তাদের উপযোগী পৃথক প্রশ্ন তৈরির সুপারিশ করা হয়। প্রাক বাছাই পরীক্ষা ও অন্যান্য নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে গণিতের পরিবর্তে বর্ণনামূলক প্রশ্ন রাখার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে সমাজ সেবা অধিদফতরের অধীনে দ্বিতীয় শ্রেণির ২৭৯টি উপজেলা সহকারী সমাজসেবা অফিসার পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগের সুপারিশ করা হয়।
এ ছাড়া প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার নামে কেউ যাতে প্রতিবন্ধীদের নিয়ে ব্যবসার সুযোগ না পায় তা নিশ্চিত করতে বিশেষ শিক্ষা নীতিমালা-২০০৯-এর যথাযথ প্রয়োগের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বেগম সাগুফতা ইয়াসমিন, বেগম নাসরিন জাহান রতনা, আ ক ম সরওয়ার জাহান, কাজী কানিজ সুলতানা এবং আরমা দত্ত অংশ নেন।








