ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউন্সিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিয়েও কোনও প্রতিকার পাননি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী একেএম মমিনুল হক সাঈদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মাস আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু এর কোনও অগ্রগতি দেখতে পাইনি।’ সোমবার (২৩ সেপ্টেম্বর) নগর ভবনে ডেনমার্ক রাষ্ট্রদূত উইনি পিটারসেনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মেয়র বলেন, ‘অবৈধ ক্যাসিনো বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলমান শুদ্ধি অভিযানকে সাধুবাদ জানাই। এ অভিযান অব্যাহত থাকবে। দেশবাসী অভিযানকে সমর্থন জানিয়েছে। এ অভিযানের সফল পরিসমাপ্তি ঘটবে বলে আমি আশা করি।’ তিনি আরও বলেন, ‘পবিত্র রমজান মাসে মদ-জুয়া খেলার মতো অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত থাকার জন্য আমি ক্লাবগুলোকে আহ্বান জানিয়েছিলাম। পাশাপাশি বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণাও চালিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। এবার কাজ হয়েছে।’
মেয়র সম্মেলনে যোগ দিতে মেয়রকে ডেনমার্ক রাষ্ট্রদূতের আমন্ত্রণ
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য বিশ্বের ৪০টি শহরের মেয়রদের সংগঠন সি-ফরটি সম্মেলনে যোগ দিতে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসেন। এ সময় মেয়র ও রাষ্ট্রদূতের সঙ্গে দুই শহরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ডিএসসিসি থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের ৪০টি বড় শহরের মেয়ররা এ সম্মেলনে অংশ নেবেন। এই সম্মেলনে উভয় শহরের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।








