বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান বিল গেটস জানিয়েছেন, তার সংস্থা বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে সহায়তা দেবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউইয়র্ক প্যালেস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিল গেটস এই আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
বিল গেটস স্বাস্থ্য খাতে বিশেষ করে টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তার সরকারের টিকাদান কর্মসূচির সাফল্য সম্পর্কে তাকে অবহিত করেন। শেখ হাসিনা বিল গেটসকে আরও জানান, কক্সবাজারে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদেরও এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। একজন রোহিঙ্গাও কোনও সংক্রামক রোগে মারা যায়নি।
জবাবে বিল গেটস বলেন, বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে জানান, তারা নতুন ধরনের টিকা উদ্ভাবন করেছেন। এ টিকা টাইফয়েড ও কলেরার মতো বিভিন্ন রোগ থেকে মানুষকে রক্ষায় সহায়তা করবে।
এসময় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ন্যাশনাল এডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড এনডিডিএস বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।








