তথ্য অধিকার পুরস্কার-২০১৯ এর প্রথম স্থান অধিকার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ‘মন্ত্রণালয় পর্যায়’ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ পুরস্কার লাভ করেছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে তথ্য অধিকার পুরস্কার গ্রহণ করেন সচিব ফয়েজ আহম্মদ। তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে ২০ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। তথ্য অধিকার আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এ পুরস্কার লাভ করেছে।








