সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারের পদক্ষেপের ফলে গত ১০ বছরে দেশে ইলিশের উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কে এম খালিদ বলেন, ২০০৭-০৮ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল ২.৯০ লাখ মেট্রিক টন, ২০১৭-১৮ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫.১৭ লাখ মেট্রিক টনে। চলতি মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়ায় সাধারণ মানুষ ইলিশ কিনে খেতে পারছেন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ‘বাঙালি সংস্কৃতি ও মুজিববর্ষের ভাবনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পদক্ষেপ বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা।
কবি ও সাংবাদিক নাসির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য কাজী রোজী, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, কবি মাসুদুল আলম বাবুল, কবি বিমল গুহ প্রমুখ৷








