নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন অধিদফতরে শৃঙ্খলা বজায় এবং অফিসের কাজে নজরদারি আরও জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন অধিদফতরের উন্নয়ন,আর্থিক ও প্রশাসনিক সভায় এসব নির্দেশনা দেন তিনি।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ ও নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে নৌ শুমারির জন্য নৌপরিবহন অধিদফতর কর্তৃক গৃহীত প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) দ্রুত সংশোধন করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ এবং নৌপরিবহন অধিদফতরের চারটি আইন যুগোপযোগীসহ বাংলায় রূপান্তরের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশ পতাকাবাহী জাহাজ (সংরক্ষণ) আইন-২০১৯ এর চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ-১৯৭৬ বাংলা ভাষায় রূপান্তর করে আইনে পরিণত করার লক্ষ্যে ‘অভ্যন্তরীণ নৌ-চলাচল আইন-২০১৮ প্রণয়নের জন্য এবং দি মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স-১৯৮৩ বাংলা ভাষায় রূপান্তর করে আইনে পরিণত করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। দি লাইট হাউজ অ্যাক্ট-১৯২৭ বাংলা ভাষায় রূপান্তর করে ‘বাংলাদেশ বাতিঘর আইন-২০১৯’ এর চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।








